গাইবান্ধা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় সাঘাটা টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা বাণিজ্য ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে সোমবার দুপুরে কলেজে ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে।
মঙ্গলবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সঙ্গে সমমানের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এই কলেজের ৩৩০জন পরীক্ষার্থীর বিএম পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
সাঘাটা থানার ওসি আফজাল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১১টার দিকে পরীক্ষার্থীরা কলেজ কার্যালয়ে প্রবেশপত্র নিতে যায়। কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রবেশপত্র না আসায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে পরীক্ষার্থীরা কলেজ ভবনের জানালা-দরজা ও আসবাবপত্র ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে গাইবান্ধা দমকল বাহিনীর সদস্যরা কলেজে গিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন জানান, এই কলেজ থেকে সেমিস্টার পদ্ধতিতে এবার এইচএসসি বিএম প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার জন্য ১৮০জন ও দ্বিতীয় বর্ষ চুড়ান্ত পরীক্ষার জন্য ১৫০জন ফরম পুরন করে।
সোমবার এই পরীক্ষার্থীরা কলেজে গিয়ে প্রবেশপত্র না পাওয়ায় এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা টেলিফোনে বলেন, "যথাসময়ে পরীক্ষার্থীদের পুরণ করা ফরম শিক্ষা বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত প্রবেশপত্র পাঠায়নি। প্রবেশপত্র নেওয়ার জন্য আমি এখন ঢাকায় অবস্থান করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24