ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্মী, চালক, নিরাপত্তারক্ষী ও মালি- এ ধরনের চাকরিতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
সোমবার সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের (রিক্রুটিং এজেন্সি) সংগঠন সোনারকম ও বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার এক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইস্কাটনে বায়রায় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যেতে নারীদের কোনো খরচ লাগবে না। আর অন্য তিন শ্রেণীর পুরুষ কর্মীদের শুধু বিমানভাড়া লাগবে।
বিদেশ পাঠানোর খরচ কমানোর জন্য দুই দেশের রিক্রুটিং এজেন্সিগুলো এক সঙ্গে কাজ করবে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সিজ বা বায়রার সভাপতি মোহাম্মদ আবুল বাশার।
তিনি বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট শ্রেণীর কর্মীদের সৌদি আরব পাঠানো শুরু হবে আগামী দুই-এক মাসের মধ্যে। এজন্য আজ-কালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
"ওই চার পেশার শ্রমিক রপ্তানির ক্ষেত্রে এতোদিন নিষেধাজ্ঞা ছিলো, তবে এখন তা তুলে নেওয়া হয়েছে", যোগ করেন বাশার।
তিনি জানান, গৃহকর্মী পেশার কর্মীরা বিনামূল্যে থাকা-খাওয়া ও যাওয়ার টিকিট সুবিধার পাশাপাশি মাসিক ৬০০ রিয়াল পাবেন। চালকরা পাবেন ৮০০ রিয়াল। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। খাওয়া খরচ না দিলে অতিরিক্ত ২০০ রিয়াল দেওয়া হবে।
এছাড়া নিরাপত্তাকর্মী ও মালিরা থাকার সুবিধার পাশাপাশি মাসিক বেতন পাবেন ৬০০ রিয়াল। এর বাইরে খাওয়া খরচ হিসাবে তাদের দেওয়া হবে ২০০ রিয়াল।
বর্তমানে প্রতি রিয়ালের মূল্যমান বাংলাদেশি ২০ টাকার কাছাকাছি।
দুই অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের নিয়ে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। প্রতি ছয় মাস অন্তর এই কমিটি বৈঠক করবে।
সোনারকমের চেয়ারম্যান সাদ নাহার আল-বাদ্দাহ বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
নারী কর্মীদের নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবের মানবাধিকার সংস্থার সঙ্গে তার সমিতির চুক্তি রয়েছে। কর্মীরা যে কোনো অভিযোগ সেখানে দিতে পারবেন।
অন্যান্য পেশার জনশক্তি আমদানির বিষয়ে জানতে চাওয়া হলে সাদ নাহার জানান, সৌদি আরবে চিকিৎসক, সেবিকা প্রকৌশলীর চাহিদা রয়েছে।
"বাংলাদেশে প্রচুর কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা দক্ষরা সহজেই সৌদি আরবে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারেন।"
তিনি বলেন, "চিকিৎসক ও সেবিকাদের বেতন-ভাতা নির্ধারণ করে দেওয়া ঠিক হবে না। কারণ এসব পেশায় অভিজ্ঞতা ও দক্ষতাকে বিবেচনা করা হয়।"
সোনারকমের বাইরে অন্য কোনো ভিসায় কাউকে সৌদি আরবে না পাঠানোরও পরামর্শ দেন সাদ নাহার।
বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সোনারকম-এর প্রতিনিধি দলটি রোববার ঢাকায় পৌঁছায়।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বর্তমানে ২০ লাখের মতো বাংলাদেশি কর্মী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এফএফ/এএল/এমআই/১৭০০ ঘ.
bdnews24