ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। অন্যদিকে মাদারীপুরে বাসচাপায় মারা গেছে এক জন।
সোমবার প্রথম প্রহরে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর রশিদ জানান, বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও আলু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী মারা যায়।
নিহতদের মধ্যে শাহাদত হোসেন নামে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এক ছাত্র রয়েছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় ট্রাকের চালক, সহকারী ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহতদের দমকল বাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, লাশ বনপাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর : সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজি বাইকের চাপায় একজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, উপজেলার দুধখালী ইউনিয়নের কুমারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ খান (৩০) কুমারটেক গ্রামের বাসিন্দা।
মাদারীপুর থানার ওসি কাইয়ুম আলী সরদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৩৭ ঘ.
bdnews24