মৌলভীবাজার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মৌলভীবাজারে মাদ্রাসাছাত্রদের অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিলো।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে শেখবাড়ি কওমী মাদ্রাসার ৫ শতাধিক ছাত্র ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
তারা কুরআন শরিফ হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে শতাধিক গাড়ি আটকা পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হরতাল সমর্থকদের পিটিয়ে উঠিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতাল সমর্থক মাদ্রাসার ছাত্রদের রাস্তা থেকে হটিয়ে মাদ্রাসার ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে।"
পরবর্তীতে বিশৃঙ্খলার চেষ্টা হলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে বলে ওসি হুঁশিয়ারি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24