ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে ডাকা হরতাল দেশবাসী সাড়া দিয়েছে বলে দাবি করেছেন ইসলামী ঐক্যজোট নেতা আব্দুল লতিফ নেজামী, যদিও রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালাভাবেই এ কর্মসূচি পালিত হতে দেখা যাচ্ছে। গ্রেপ্তারের খবর প্রচার হলেও তা নাকচ করেছেন নেজামী।
মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এ হরতালে সমর্থন দেয় লতিফ নেজামী নেতৃত্বাধীন নেজামে ইসলামীসহ কয়েকটি ইসলামী সংগঠন।
পল্টন এলাকা থেকে নেজামী গ্রেপ্তারের খবর ছড়ালে এ বিষয়ে জানতে তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের খবর নাকচ করেন। নেজামী জানান, তিনি পল্টনে দলীয় কার্যালয়ে রয়েছেন।
হরতালের সমর্থনে পুলিশ নেতা-কর্মীদের রাজপথে নামতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মী গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
নেজামীকে আটকের খবর উড়িয়ে দেন পল্টন থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলামও। তবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন থানা এলাকায় হরতালে সমর্থনে পিকেটিংয়ের চেষ্টা করায় ৮০ জনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পল্টন, রমনা এবং শাহবাগ থানা পুলিশ সকাল ১১টা পর্যন্ত ১২০ জনকে গ্রেপ্তার করেছে। হরতালে পুলিশ কঠোর থাকবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
ঢাকায় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ তেমন দেখা যায়নি, তবে পুলিশ ও র্যাবের প্রহরা রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়ে কম হলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসএইচএ/এমআই/১১২০ ঘ.
bdnews24