২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ আমিনীর

পুলিশি বাধার কারণে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা রাজপথে নামতে পারছে না বলে অভিযোগ করলেন মুফতি ফজলুল হক আমিনী। শুধু ঢাকায় ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:42 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার কারণে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা রাজপথে নামতে পারছে না বলে অভিযোগ করলেন মুফতি ফজলুল হক আমিনী। শুধু ঢাকায় ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে হরতাল ডাকেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এ হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের মধ্যেই সকাল ১০টার দিকে লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নিজের কার্যালয়ে আমিনী সাংবাদিকদের বলেন, সারাদেশে হরতাল হচ্ছে। শুধু ঢাকাতেই পুলিশ হরতাল পালন করতে দিচ্ছে না। পুলিশ এ পর্যন্ত ঢাকায় ১২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। লাঠিপেটায় আহত হয়েছে প্রায় ১০০ জন। হরতালে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ কঠোর থাকবে বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ। সোমবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাব-পুলিশের কড়া পাহারা দেখা যায়। আমিনী বলেন, "এ সরকার গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক অধিকার আদায় করতে দিচ্ছে না। এ সরকার কুরআনবিরোধী সরকার। তাই আমরা এ সরকারের পতন চাই।" একদিন আগে কুরআন শরিফ নিয়ে মিছিল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন আমিনী। রাজনৈতিক কর্মসূচিতে ধর্মীয় গ্রন্থ নিয়ে নামার তার এ আহ্বানের সমালোচনা উঠেছে। তবে আমিনী বলেন, "আমার নেতা-কর্মীদের জন্য কুরআন নিয়ে মিছিল করা ফরজ।" নারী নীতিতে ইসলামবিরোধী কিছু নেই বলে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যজোট নেতা বলেন, "হয় তিনি নারী নীতি পড়েননি, নতুবা তিনি কুরআন শরিফ ভালো করে বোঝেন না।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার কক্সবাজারে এক জনসভায় নারী নীতি নিয়ে এ হরতাল আহ্বানকারীদের ধর্মব্যবসায়ী আখ্যা দেন। আমিনী জানান, হরতালের পর বিকালে মুক্তাঙ্গনে সমাবেশ করে নতুন কর্মসূচি দেওয়া হবে। তবে দুপুরে ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক আহলালুল্লাহ ওয়াসেল সাংবাদিকদের জানান, মুক্তাঙ্গনের পরিবর্তে একই সময়ে জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আমিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩৩০ ঘ.