২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলা পুনর্বাসন প্রকল্পে অনিয়মের তদন্তে সাব কমিটি

আইলা দুর্গত এলাকায় পুনর্বাসন কাজে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গত এলাকায় পুনর্বাসন কাজে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করেছে সংসদীয় স্থায়ী কমিটি। রোববার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান। তিনি বলেন "আইলা দুর্গত এলকায় পুনর্বাসনের কাজের মান নিয়ে অনেকে অভিযোগ করেছেন। এখানে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সাব কমিটি করা হয়েছে।" মো. আব্দুর রহমানকে এ সাব কমিটির আহবায়ক এবং মোহাম্মদ ফজলুল আজিম ও এ বি এম আনোয়ারুল হককে সদস্য করা হয়েছে। তাদের এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে সংসদীয় কমিটি। রোববার এক তথ্য বিবরণিতে জানানো হয়, সংসদীয় স্থায়ী কমিটি যতো দ্রুত সম্ভব গঙ্গা ব্যারেজের নির্মাণ কাজ শুরু করার ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। ২০০৯ সালে ২৫ মে ঘূর্ণিঝড় আইলায় দেশের উপকূলীয় আট জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খুলনা ও সাতক্ষীরার ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে চার উপজেলার ১৩টি ইউনিয়ন লোনা পানিতে তলিয়ে যায়। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত সাব-কমিটিকে প্রতিবেদন দেওয়ার জন্য আরো দুই সপ্তাহ সময় দিয়েছে সংসদীয় কমিটি। এই সাব কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন এ বি এম আনোয়ারুল হক। এছাড়া সদস্য হিসেবে আছেন এ কে এম ফজলুল হক ও এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অন্যদের মধ্যে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, এ বি এম রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ ফজলুল আজিম, এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০০৭ ঘ.