ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ও নরসিংদীতে রোববার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে রয়েছেন বাগেরহাটে দুইজন এবং নরসিংদীতে একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বিকালে সদর উপজেলার শ্রীঘাট এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- অরূপ দেবনাথ (৩৫) ও বাস চালকের সহকারী সুমন শেখ (২৫)।
অরূপ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের অনীল দেবনাথের ছেলে। সুমন ফতেপুর গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে।
এছাড়া আহত পাঁচজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- রংপুরের আব্দুল মান্নান (৩৭), মংলা উপজেলার দিগরাজ গ্রামের মহিউদ্দিন (৪৮), সদরের ফতেপুর গ্রামের বেল্লাল হোসেন (৩২), খুলনার পাইকগাছার মঈনুল ইসলাম (৩৭) এবং মাদারীপুরের হাফিজ ব্যাপারী (৩৮)।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়।
নরসিংদী প্রতিনিধি জানান, একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের সহকারী মিলন মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
ঢাকা সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবপুর থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম বলেন, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক পথে বিকল হলে সহকারী মিলন মিয়া ট্রাকটির নিচে বসে চাকা মেরামত করছিলেন।
পেছন থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24