২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রকল্প, শ্রমিকরা কাজ করছে চেয়ারম্যানের

বগুড়ায় সরকারি প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বগুড়া, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় সরকারি প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। 'অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি' নামের ওই প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তঘাট সংস্কারের কাজ করা হয়। কিন্তু ধুনট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম খোকা গত এক সপ্তাহ ধরে এ প্রকল্পের ৩৫ জন শ্রমিককে দিয়ে তার বাড়ির কাজ করাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ইউনিয়নে হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য নেওয়া প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কাজ ২৭ মার্চ থেকে শুরু হয়। জনপ্রতি প্রতিদিন ১৫০ টাকা হারে সপ্তাহের শনিবার থেকে বুধবার কাজ করার পর বৃহস্পতিবার তাদের মজুরি পরিশোধের নিয়ম রয়েছে। রোববার ওই প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের চেয়ারম্যানের বাড়িতে কাজ করতে দেখা গেছে। কর্মরত শ্রমিকদের সর্দার আলহাজ আলী বলেন, "আমাদের গ্রামের রাস্তায় মাটি ভরাটের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান সাহেব তার বাড়িতে কাজ করতে বলেছেন। "গত রোববার থেকে ৩৫ জন শ্রমিক এখানে কাজ করছে," বলেন তিনি। এ ব্যাপারে ধুনট সদর ইউনিয়নয় পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম খোকা বলেন, "হয়তো এসব শ্রমিকদের দিয়ে আমার কাজ করানো ঠিক হয়নি। তবে যা করা হয়েছে তা তদারকি কর্মকর্তার অনুমতি নিয়েই করা হয়েছে।" ওই প্রকল্পের তদারকি কর্মকর্তা ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তারাজুল ইসলাম বলেন, "আমরা শ্রমিকদের রাস্তার মাটি কাটার জন্য পাঠিয়েছি। তারা যদি সেটা না করে অন্যকিছু করে তাহলে তারা মজুরী পাবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।" ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.