চাঁদপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলা এলাকায় মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাতজনের মধ্যে ছয়জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম অলিউল্লাহ এ সাজা দেন।
কারাদণ্ড হয়েছে- জামাল বেপারী (৩২), ওসমান গনি (৪০), ওসমান সরকার (৩৫), সোহেল ফকির (২৫), ফয়সাল সরকার (১৯) ও কুদ্দুস আলীর (১৯)। জরিমানা হয়েছে মিয়াজ উদ্দিনের (৫০)।
এ সময় জেলেদের কাছ থেকে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল হাইমচর থানা প্রাঙ্গণে জ্বালিয়ে দেওয়া হয়।
হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, উপজেলার নীলকমল ইউনিয়নের বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এই নিশিদ্ধ এলাকার আওতায় পড়েছে।
এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে কারাদণ্ড, জাল পুড়িয়ে ফেলা এবং ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৭ ঘ.
bdnews24