২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ সদস্য আহত

পিরোজপুর সদর উপজেলায় এক প্রার্থীর সমর্থকদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ সদস্য আহত হওয়ার অভিযোগ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 07:33 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

পিরোজপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর সদর উপজেলায় এক প্রার্থীর সমর্থকদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ সদস্য আহত হওয়ার অভিযোগ করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে টোনা ইউনিয়নের মূলগ্রাম সেতুর কাছে এ হামলা হয়। আহতদের মধ্যে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও লেন্স নায়েক মুকাতকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, শনিবার টোনা ইউনিয়নে সারাদিন ভোট গ্রহণ চলে। ইউনিয়নের উত্তর-পশ্চিম টোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মান্নান মোল্লার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোবহান খানের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এই পরিস্থিতিতে গণনার জন্য ওই কেন্দ্রের ভোট র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় প্রিসাইডিং অফিসার শাহীনুর রহমান উপজেলা পরিষদে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে মূলগ্রাম সেতুর কাছে এলে মান্নানের লোকজন তাদের উপর হামলা চালায়। ওই সময় প্রিসাইডং কর্মকর্তার নির্দেশে র‌্যাব সদস্যরা ১৬ রাউন্ড গুলি ছোড়ে। এতে র‌্যাব, পুলিশ ও আনসারের ১৫ জন আহত হয়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান জানান, র‌্যাবের এসআই আব্দুর রহমান, লেন্স নায়েক মুকাতকে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। এদিকে চেয়ারম্যান পুদপ্রার্থী মান্নান বলেন, প্রতিটি সেন্টারে তিনি জিতেছেন। তাই তাকে হারানোর জন্য তার প্রতিদ্বন্দ্বী সোবহান খানকে জেতানোর জন্য নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা উপজেলা পরিষদে ভোট নিয়ে যান। তবে তিনি হামলার কথা স্বীকার করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৭ ঘ.