২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে আটক করায় তুলকালাম

চট্টগ্রামে কোতয়ালী থানা পুলিশ একজন ব্যবসায়ীকে আটক করায় তুলকালাম হয়েছে। নগরীর অন্যতম বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জে ছয় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কোতয়ালী থানা পুলিশ একজন ব্যবসায়ীকে আটক করায় তুলকালাম হয়েছে। নগরীর অন্যতম বাণিজ্য কেন্দ্র খাতুনগঞ্জে ছয় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। আটক ব্যবসায়ী মীর মো. হাসানকে ছেড়ে দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তাকে দুপুরে ছেড়ে দেওয়া হয়। এরপর বেলা ৩টা থেকে খাতুনগঞ্জে আবার লেনদেন শুরু হয়। ব্যবসায়ীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে 'হাসান এন্ড ব্রাদার্স' নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম মালিক মীর হাসানকে আটক করে পুলিশ। ব্যবসায়ীরা অভিযোগ করেন, মীর হাসানের মুক্তির জন্য কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ চাঁদা দাবি করেছিলেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাতুনগঞ্জের 'শ্রীগোবিন্দ স্টোরে'র মালিক বিশ্বজিৎ চৌধুরীর মা নিয়তি রানী চৌধুরী শুক্রবার রাতে দুই সহোদর ভাই ব্যবসায়ী মীর মো. হাসান ও মীর মো. হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হাসানকে আটক করা হয়। মামলার এজাহারে বলা হয়, এই দুই ভাই পাওনা টাকা আদায়ের জন্য বিশ্বজিৎ চৌধুরীকে গত বৃহস্পতিবার বিকাল থেকে আটকে রেখেছেন। হাসান এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপক সালাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বজিৎ চৌধুরীর কাছে মোট পাওনা ৭৮ লাখ টাকা। সালাউদ্দিন দাবি করেন, বাকিতে ৭৮ লাখ টাকার চিনি কেনার পর টাকা পরিশোধ না করে বিশ্বজিৎ আত্মগোপন করলে তার মা হাসান ও হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। নিয়তি রানী কোতয়ালী থানায় সাংবাদিকদের জানান, একদিন আটকে রাখার পর থানায় মামলা করলে বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হয়। এদিকে হাসানকে আটকের প্রতিবাদে শনিবার সকালে কোতয়ালী থানায় যান স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। খাতুনগঞ্জে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্থানীয় কাউন্সিলর হাজী নুরুল হক, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, ব্যবসায়ী নেতা এনামুল হক, ওমর আজম ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কোতয়ালী থানা ঘেরাও করেন। তারা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখেন। একপর্যায়ে দুপুরে ব্যবসায়ীরা নগরীর কোতোয়ালী মোড়, লালদীঘির পাড়, আন্দরকিল্লা মোড়, খাতুনগঞ্জ ও কদমমোবারক এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা শেষে মুচলেকা নিয়ে মীর হাসানকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে হাসানকে আটকে রেখে মুক্তির জন্য ওসি চাঁদা চেয়েছেন বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) জেদান আল মুসা এবং ওসি আবুল কালাম আজাদ কোন মন্তব্য করতে রাজি হননি। এসআই মো. জহির জানান, ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে একটি সমঝোতা বৈঠক করে বিষয়টি মিমাংসা করা হবে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ব্যবসায়ীর মধ্যে লেনদেনের জের ধরে মামলা হয়েছে। তা উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ার কথা রয়েছে।" কোতয়ালী থানার ওসির চাঁদা দাবি প্রসঙ্গে তিনি বলেন, "কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আর তা লিখিতভালে জানালে আমরা খতিয়ে দেখব।" খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তিতে মীর হাসানকে পুলিশী হয়রানির তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে খাতুনগঞ্জ-চাক্তাই এর ব্যবসায়ীদের উপর পুলিশী হস্তক্ষেপের পূর্বে ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দকে অবহিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। ছগীর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাওনা আদায়ের বিষয়টি সমঝোতা সভা করে সুরাহা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২০৩৯ ঘ.