২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর জুট স্পিনিং মিল বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে খুলনার সাগর জুট স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

খুলনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের জেরে খুলনার সাগর জুট স্পিনিং মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকালে কর্তৃপক্ষ মিলের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টানিয়ে দেয়। মিলের উপ-মহাব্যবস্থাপক মো. আবু বক্কার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি করলে গত ৩১ মার্চ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের পর মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধা বাড়ানো হয়। কিন্তু শ্রমিকেরা ওইদিন বেলা সাড়ে ৩টায় কাজ বন্ধ করে দিলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং মিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শ্রমিকরা অফিসে ভাংচুর করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাত ১টা পর্যন্ত অফিসে অবরুদ্ধ করে রাখে। চালু রাখার পরিবেশ না থাকায় কর্তৃপক্ষ মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সাগর জুট স্পিনিং মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, শ্রমিকদের বর্তমান মজুরি দৈনিক ১০০ টাকা। তাদের দাবি ছিল তা বাড়িয়ে ১৫০ টাকা করা। কিন্তু কর্তৃপক্ষ মাত্র ১০ টাকা বৃদ্ধি করলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। দিঘলিয়া উপজেলার সেনহাটীতে ৫ একর জমির ওপর ১৯৮৩ সালে ব্যক্তি মালিকানার সাগর জুট স্পিনিং মিল প্রতিষ্ঠা করা হয়। এখানে ৩২৫ জন স্থায়ী, ৭০০ জন অস্থায়ী শ্রমিক এবং ১০২ জন কর্মচারী রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.