পিরোজপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীসহ তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে সদর উপজেলার টোনা ইউনিয়নে এক ভোটারকে এবং জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নে এক চেয়ারম্যান ও এক সদস্য পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।
শনিবার পিরোজপুরের সদর উপজেলার ৪টি ও জিয়ানগর উপজেলার ৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টোনা ইউনিয়নের তেজদাসকাঠী ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিড়ে ফেলায় আরিফুল ইসলাম (৩০) নামের এক ভোটারকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আরিফুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহমুদুল হককে ৫ হাজার টাকা ও সদস্য পদপ্রার্থী জয়নাল মল্লিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেট শায়লা শারমিন সাংবাদিকদের জানান, নির্বাচন চলাকালে লিফলেট বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়।
সরেজমিনে সদর উপজেলার কলাখালী ইউনিয়নে জিন্নাত আলী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা কেন্দ্র, জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়, রেখাখালী-সূতারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী ভোটাররা প্রচণ্ড রোদ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।
জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুর রহমান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারী ভোটারদের জন্য বুথ কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এছাড়া ভোটার আইডি কার্ডের নামের সঙ্গে ভোটার তালিকার নামের গড়মিল থাকায় অনেকেই ভোট দিতে পারেননি বলে ভোটাররা অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫৬ ঘ.
bdnews24