ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম দফা নির্বাচনের শেষ দিন রোববার ১৩২টি ইউনিয়নে ভোট হবে।
আট জেলার ১৫ উপজেলার এ ইউনিয়গুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এজন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, রোববার বরিশাল জেলার মুলাদী, মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলা; পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলা; পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা; বরগুনা জেলার আমতলী উপজেলা; খুলনা জেলার রূপসা, ফুলতলা, তেরখাদা, ডুমুরিয়া উপজেলা; সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা উপজেলা; বাগেরহাট জেলার মোড়লগঞ্জ, শরণখোলা উপজেলা এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ইউনিয়গুলোয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রথম দফা নির্বাচনের পঞ্চম দিনে শনিবারও ১১ উপজেলার ৭৭ ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।
বাকি ইউপিগুলোয় নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
চতুর্থ দিন শুক্রবার অনুষ্ঠিত দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে, বৃহস্পতিবার তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে, বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউনিয়নে এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোটগ্রহণ হয়।
এ পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ায় ইতোমধ্যে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন।
দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ছয় দিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়।
প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোতে মে-জুন মাসে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ইসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮৩৬ ঘ.
bdnews24