২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হলো ভেলরিকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রায় আধা ঘণ্টা ফটকে আটকে থাকতে হয়েছে ভেলরি এ টেলরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী দিবসের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রায় আধা ঘণ্টা ফটকে আটকে থাকতে হয়েছে ভেলরি এ টেলরকে। ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট (পিডিএফ) নামে একটি প্রতিষ্ঠানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করে। তাতে প্রধান অতিথি ছিলেন ভেলরি। অনুষ্ঠানের প্রধান অতিথি ভেলরি কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে গেলে প্রধান ফটকে তাকে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। পরে প্রতিষ্ঠানটির সদস্যরা তা কর্তৃপক্ষের নজরে আনলে এর সুরাহা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে ক্যাম্পাসে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে প্রশাসনের অনুমতি নেওয়ার বিধান রয়েছে। এ অনুষ্ঠানের আয়োজকরা অনুমািত না নেওয়ায় এ জটিলতা দেখা দেয়। এ বিষয়ে পিডিএফ জাবি শাখার সভাপতি আহসান মাহমুদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ নিয়ম সম্বন্ধে জানতাম না।" ভেলরি ঢোকার পর সাড়ে ১০টার দিকে শোভাযাত্রা শুরু হয়। এতে বিশ্ববিদ্যলয়ের ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ৩০ জন প্রতিবন্ধী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। জন্মসূত্রে ব্রিটিশ ভেলরি ৪০ বছর ধরে বাংলাদেশে রয়েছেন। তার প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছেই সাভারে গড়ে উঠেছে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র বা সিআরপি। ১৯৬৯ সালে বাংলাদেশে পা রাখা ভেলরি মাত্র চার জন রোগী নিয়ে পক্ষাঘাতগ্রস্তদের সারিয়ে তোলার প্রতিষ্ঠানটি শুরু করেন, এখন যা পূর্ণাঙ্গ একটি হাসপাতালে রূপ নিয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ভেলরি। মানবতার সেবায় তার অবদানের স্বীকৃতি হিসেবে এক দশক আগে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.