সুনামগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক যুব সংগঠন যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দক্ষিণ সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে শনিবার বিকালে সভা ডেকেছিলো যুবদলের বিবদমান দুটি পক্ষ। তাই সংঘাত এড়াতে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল সাঈদ।
যুবদলের জেলা আহ্বায়ক আনসার উদ্দিনের অনুসারীরা বিএনপির এক নেতার বিদেশ যাওয়া উপলক্ষে সংবর্ধনা দেওয়ার জন্য সভা ডাকে। একই সময়ে সে স্থানে বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে শোকসভার আয়োজন করে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এটিএম হেলালের অনুসারীরা।
তবে সমাবেশস্থল এবং আশপাশে ১৪৪ ধারা জারি করায় কোনো পক্ষই সভা করতে পারছে না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরাই প্রথমে সংবর্ধনা সভার আয়োজন করেছি। কিন্তু তা বানচাল করতেই পাল্টা সমাবেশের আয়োজন করা হয়।"
তবে এর বিরোধিতা করে যুগ্ম আহ্বায়ক হেলাল বলেন, "শোকসভা পণ্ড করতে আনসার উদ্দিন সংবর্ধনা আয়োজন করেছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫১৬ ঘ.
bdnews24