ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের চাকরিতে সুযোগ দিতে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় একটি বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি স্কুলগুলোতে আলাদা শিক্ষক নিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার দিবসরে প্রতিপাদ্য 'অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নে পণবন্দী'।
প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে হাসিনা বলেন, "সাধারণ স্কুলে যেন প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করতে পারে, আমরা সে ব্যবস্থাও করছি। এজন্য বিশেষায়িত শিক্ষকের ব্যবস্থা করা হবে। প্রতিবন্ধীদের উপযোগী বই দেওয়া হবে।"
বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউজগুলোতে প্রতিবন্ধীদের কর্মস্থানের সুযোগ করে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, "প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করুন। আপনাদের তো অনেক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এরপর, কিছু দিলে আমরা শর্ত জুড়ে দেবো।"
"অনেকেই প্রতিবন্ধীদের চাকরিতে নিতে চান না, স্কুলে ভর্তি করতে চান না। এই মানসিকতা পরিহার করতে হবে। তাদের বুকে টেনে নিতে হবে, কাছে টেনে নিতে হবে, প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে", বলেন হাসিনা।
সংবিধানের সব নাগরিকের সমানঅধিকারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ। আমাদের অর্থনীতির অংশ। প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না।"
এ প্রসঙ্গে বিজ্ঞানী স্টিফেন্স হকিন্সের প্রতিবন্ধিত্বের কথা তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, "পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন। শিশুরা প্রতিবন্ধী হলে লজ্জা পাওয়ার কিছু নেই। প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়। কোনো না কোনো ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে। আমাদের সে প্রতিভা বিকশিত করতে হবে এবং আমরা তা করতে চাই।"
প্রতিবন্ধীদেরবিশেষ অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের কৃতিত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বিশেষ অলিম্পিকে প্রতিবন্ধীরা ক্রিকেটে চাম্পিয়ন হয়েছে। আমাদের সুস্থ ক্রিকেট দল তা পারেনি।"
ক্রীড়া সংগঠকদের এথেন্সে বিশেষ অলিম্পিকে উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধীদের চলাচল সহজ করার জন্য সরকারের দেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আদমশুমারি থেকে দেশে প্রকৃত প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুর সংখ্যা জেনে বাজেটে তাদের জন্য বরাদ্দেরও কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় একটি মালটিপারপাস সেন্টার হবে। সেখানে প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রধানমন্ত্রীর মেয়ে শেখ সায়মা হোসেনের কথা তুলে ধরে বলেন, তিনি (সায়মা) অটিজম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন। আগামী ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে অটিজম নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষে দর্শক সারিতে বসার আগে প্রতিবন্ধীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা প্রতিবন্ধীদের পরিবেশনায় গান ও দলগত নৃত্য দেখেন।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের এখন থেকে আমরা সুবর্ণ নাগরিক' বলবো। যে সব প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করবে, তাদের জন্য বিশেষ সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা করা হতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতেই শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীরা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে শোনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২২৫ ঘ.
bdnews24