২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে নির্বাচনী সংঘর্ষে আহত ২১

বাগেরহাটে তিনটি স্থানে নির্বাচনী সংঘর্ষ ও হামলায় প্রার্থীসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

বাগেরহাট, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে তিনটি স্থানে নির্বাচনী সংঘর্ষ ও হামলায় প্রার্থীসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, একজনকে বাগেরহাট সদর হাসপাতালে এবং সাতজনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ফকিরহাট উপজেলার সোনাখালী রাজপাট গ্রামে, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেসরগাঁতি গ্রামে এবং বৃহস্পতিবার গভীর রাতে কচুয়া উপজেলার প্রতাপপুর গ্রামে ঘটনাগুলো ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে কচুয়ার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মীর তগদীরুজ্জামান ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ লাঠিপেটা করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশের মারধরে হুমায়ুন কবির আহত হন। তিনি বাগেরহাট সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হুমায়ুন কবির অভিযোগ করেন, তগদীরুজ্জামানের কর্মীরা বৃহস্পতিবার রাতে প্রতাপপুর গ্রামে ভোটারদের টাকা দিতে গেলে তার সমর্থকরা বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, হামলায় তিনিসহ তার সমর্থক খেলাফত শেখ, মশিউর রহমান, ফরিদ হাসান, নাজমুল কবির, তাইজুল ইসলাম, রিয়াদ শেখ, মহিদুল ইসলাম ও আবুল বাশার আহত হন। এদের মধ্যে খেলাফতকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে কচুয়া থানা থেকে পুলিশ এসে তার সমর্থকদের লাঠিপেটা করে। হুমায়ুন কবির অভিযোগ করেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে পুলিশ লাঠিপেটা করেছে। তিনি কচুয়া থানায় কর্মরত দু'জন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলামের কাছে তিনি ওই পুলিশ সদস্যদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে প্রত্যাহারের আবেদন করেছেন। কচুয়া থানার ওসি মো. লিয়াকত হোসেন হুমায়ুন কবিরের এই অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে। এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেসরগাঁতি গ্রামে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে স্থানীয় ২ নম্ব ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মুজিবর রহমান (৪২) রক্তাক্ত জখম হন। মুজিবরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই হামলার কথা স্বীকার করেছেন। এই ইউনিয়নেও নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার। এদিকে সকালে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী রাজপাট গ্রামে নির্বাচনোত্তর সহিংসতায় ১১ জন আহত হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন- নিজাম সরদার (৩২), ফারুক শেখ (৪০), আবু তালেব শিকদার (৬৫), আব্দুস সালাম শিকদার (৩০), নূর আলম শিকদার (২৮), জাহাঙ্গীর আলম বাবু (২৮), আয়ুব শিকদার (৪০), নূর মোহম্মদ (৫০), শম্পা (১৮), ফিরোজা বেগম (২৫) ও নাজমা (২০)। এদের মধ্যে প্রথম চারজনকে কুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোনো পক্ষ মামলা করেনি। এই ইউপির পরাজিত প্রার্থী কাজী মো. গোফরান বলেন, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে পপলুর সমর্থকরা তার অন্তত দশজন সমর্থককে আহত করেছে। পপলু বলেন, নিজাম সরদার নামে তার এক সমর্থককে গোফরানের সমর্থকরা কুপিয়ে জখম করলে সংঘর্ষ হয়। বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়ন ও কচুয়ার সাত ইউনিয়নে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.