মাগুরা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নুর (৩০) মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, কানুটিয়া বাজারের কাছে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মনিরুজ্জামান বরুলয়া গ্রামের আবুল হোসেন খানের ছেলে।
কানুটিয়া বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টার দিকে মনিরুজ্জামান মহম্মদপুর থেকে মোটরসাইকেলে মাগুরা যাচ্ছিলেন। কানুটিয়া বাজারের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার ওসি শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০১৯ ঘ.
bdnews24