২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৭ ইউপিতে ভোটগ্রহণ

প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দিনে ১১ উপজেলার ৭৭ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দিনে ১১ উপজেলার ৭৭ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ছিলো। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১৬ ইউপিতে, পিরোজপুর সদরের ৬ ইউপিতে, জিয়ানগর উপজেলার ৩ ইউপিতে, ভোলার তজুমদ্দিন উপজেলার ৫ ইউপিতে, চরফ্যাশন উপজেলার ৯ ইউপিতে, মনপুরা উপজেলার ২ ইউপিতে, ঝালকাঠীর নলছিটি উপজেলার ১০ ইউপিতে, বাগেরহাট সদরের ১০ ইউপিতে, কচুয়া উপজেলার ৭ ইউপিতে, কক্সবাজারের টেকনাফ উপজেলার ৪ ইউপিতে ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ ইউপিতে ভোট হয়েছে। এ দিন ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে টেকনাফ উপজেলার হ্নীলা ও সাবরাং ইউয়িনে নির্বাচন স্থগিত করা হয়। প্রথম দফার নির্বাচনের চতুর্থ দিনে শুক্রবার দুই জেলার তিন উপজেলার ১২ ইউপিতে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানান বাতেন। বৃহস্পতিবার তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে, বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউনিয়নে এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোট হয়। এ পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। ইউপি নির্বাচনে দু'এক জায়গায় সরকারদলীয় সংসদ সদস্যদের প্রভাব খাটানোর চেষ্টায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার তিনি বলেন, "আগামীতে সাংসদরা স্থানীয় পর্যায়ে প্রভাব খাটানোর এ প্রবণতা দেখাবেন না বলে প্রত্যাশা করি।" তিনি সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি উপজেলায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে ছয় দিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়। এ নির্বাচন চলবে ৩ এপ্রিল পর্যন্ত। শেষ দিন রোববার ৮ জেলার ১৫ উপজেলায় ১৩২ ইউপিতে নির্বাচন হওয়ার কথা। প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোতে মে-জুন মাসে দ্বিতীয় দফা নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০৫ ঘ.