২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশন ১২ দিন ধরে বিকল

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ওজন স্টেশন ১২ দিন ধরে বিকল হয়ে আছে। ফলে ওজন মাপা ছাড়াই পার হচ্ছে মালবাহী পরিবহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ওজন স্টেশন ১২ দিন ধরে বিকল হয়ে আছে। ফলে ওজন মাপা ছাড়াই পার হচ্ছে মালবাহী পরিবহন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশ থেকে যন্ত্রপাতি এনে এটি মেরামত করতে আরো সাত দিন সময় লেগে যাবে। সেতুর পূর্বপাড়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওজন স্টেশনের এডিবক্সের যন্ত্রাংশ নষ্ট হওয়ার ২০ মার্চ বিকেল থেকে তা বিকল রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে যন্ত্রপাতি আনা ছাড়া এটি সচল করা সম্ভব নয়।" যন্ত্রপাতি আনতে আরো সাত দিনের মতো সময় লাগতে পারে বলেও জানান তিনি। সেতু দিয়ে ছয় চাকার ট্রাকের ওজনসহ ২০ মেট্রিকটন এবং ১০ চাকার ট্রাকের ওজনসহ ৩০ মেট্রিকটন মালামাল পরিবহনের নিয়ম রয়েছে। সেতুর কাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে ছয় চাকার ট্রাকে ২৭-৩০ এবং ১০ চাকার ট্রাকে ৪০-৪৫ মেট্রিকটন পণ্য পরিবহন করছে। ফলে সেতুর ফাটলের স্থানগুলো আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ২০১০ সালের নভেম্বর পর্যন্ত সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলো সেনাবাহিনী। সে সময় ওজন স্টেশন বিকলের ঘটনা ঘটলেও তা সচল করতে দু'একদিনের বেশি সময় লাগেনি। মাল পরিবহনে ওজনে অনিয়ম হচ্ছে কি না জানতে চাইলে প্রকৌশলী ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের অভিযোগের কথা আমি শুনিনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৫২ ঘ.