ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রপাতি মেরামত বা ওভার হোলিং-এর জন্য আশুগঞ্জ সার কারখানা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দেড় মাসের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ কারখানায় দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়।
কারখানার একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যান্ত্রিক ত্র"টি নিরসনে প্রতি ২ বছর পর পর কারখানার ভারী যন্ত্রপাতি মেরামত করা একটি নিয়মিত কাজ।
জার্মানি, ভারত, জাপান, ইতালি, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রকৌশলীরা মেরামতের কাজে অংশ নিচ্ছেন।
তিনি জানান, এতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
কারখানা বন্ধ থাকলেও সার সংকট হবে না দাবি করে ওই কর্মকর্তা বলেন, বর্তমানে কারখানায় ৩৫ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।
তাছাড়া চলতি মৌসুমে কৃষি জমিতে সারের তেমন চাহিদা আর নেই।
দেড় মাস বন্ধ থাকলে ৭২ হাজার টন সার উৎপাদন ব্যাহত হবে বলে জানান কারখানার কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১১৩৫ ঘ.
bdnews24