২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ উৎপাদন বেড়েছে, সঙ্গে রপ্তানি

জাটকা ধরা বন্ধ রাখায় দেশে ইলিশ উৎপাদন বেড়েছে। চলতি অর্থবছরে ইলিশ রপ্তানি বেড়েছে পৌনে ৪ হাজার মেট্রিক টন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক মহসীনুল করিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা ধরা বন্ধ রাখায় দেশে ইলিশ উৎপাদন বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইলিশ রপ্তানি আগের বছরের চেয়ে পৌনে ৪ হাজার মেট্রিক টন বেড়েছে। চলতি ২০১০-১১ অর্থবছরের ফেব্র"য়ারি মাস পর্যন্ত প্রথম আট মাসে বিভিন্ন দেশে ৬ হাজার ৮৯৮ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর বাজার মূল্য ২৮০ কোটি টাকা। এ রপ্তানির পরিমাণ গত অর্থবছরের তুলনায় প্রায় পৌণে ৪ হাজার মেট্রিক টন বেশি। গত অর্থবছরে ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ১০৭ মেটিক টন। যার বাজার দর ছিল ১২৫ কোটি টাকা। মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ধারণা করছেন, এ অর্থবছরের শেষ নাগাদ ইলিশ উৎপাদনের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাটকা নিধন রোধে ইলিশ শিকারি জেলেদের জন্য ভিজিএফ'র মাধ্যমে খাদ্যদ্রব্য সরবরাহ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে জাটকা মৌসুমে মাছ ধরা অনেক কমে যায়। ফলে এ বছর ইলিশের উৎপাদনও যথেষ্ট বেড়েছে। তিনি বলেন, বর্তমান অর্থবছরের প্রথম আট মাসে ইলিশ থেকে রপ্তানি আয় আগের বছরের তুলনায় দ্বিগুনেরও বেশী হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ইলিশ রপ্তানি আরো বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত দেশে প্রায় ২ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। অন্য বছরগুলোতে ডিসেম্বরের পর ইলিশ আটকের পরিমাণ কমে যায়। এ বছর ইলিশ ধরা এখনো চলছে। তবে ফেব্র"য়ারি ও মার্চ মাসের হিসাব এখনো অধিদপ্তরে পৌঁঁছেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে ইলিশের মোট উৎপাদন ছিল তিন লাখ ১৩ হাজার মেট্রিক টন। ২৫০ টাকা কেজি দরে এর বাজার মূল্য প্রায় সাত হাজার ৮২৫ কোটি টাকা। ইলিশ রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ১০৭ মেট্রিক টন। এ থেকে আয় হয় ১২৫ কোটি টাকা। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশ ধরা হয় ২ লাখ ৯৮ হাজার মেট্রিক টন। 'ইলিশ জেলেদের' দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতে সরকার ইলিশ প্রধান ১০ জেলার ৫৯ উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৭৪০ জন মৎস্যজীবীর পরিবারের মধ্যে মাসিক ৩০ কেজি হারে চাল বিতরণ করে। গত বছরের ফেব্র"য়ারি থেকে মে পর্যন্ত চার মাসের জন্য এ কর্মসূচিতে ১৯ হাজার ৭৬৮ দশমিক ৬০ মেট্রিক টন খাদ্যশস্য দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/কেএমএস/১০৪৫ ঘ.