২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরো ৩টি কলেজ প্রতিষ্ঠা করবে সিসিসি

নগরীতে এ বছর আরো তিনটি কলেজ প্রতিষ্ঠা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে এ বছর আরো তিনটি কলেজ প্রতিষ্ঠা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। বৃহস্পতিবার বিকালে পূর্ব নাসিরাবাদ এলাকার 'হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন বিদ্যালয়ের' বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সিটি মেয়র মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। মনজুর আলম বলেন, শিক্ষার্থীর তুলনায় নগরীতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল। তাই শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এ বছর আরো তিনটি নতুন কলেজ চালু করা হবে। হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের আশ্বাস দিয়ে মেয়র বলেন, আশেপাশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। প্রয়োজনে এ বিদ্যালয়ে আরো একটি নতুন ভবন নির্মাণ করা হবে। এসময় অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মেয়রের কাছে অভিযোগ করেন, স্থানীয় কিছু বখাটে যুবক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে বলে মনজুর আলম আশ্বাস দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর সামসুজ্জামান হেলালী, নারী কাউন্সিলর জাহানারা বেগম, প্রয়াত হোসেন আহম্মদ চৌধুরীর ছেলে কবির চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২৩০০ ঘ.