কিশোরগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ জেলা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড় বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বড় বাজারে মেসার্স মনিন্দ্র দত্ত নামের একটি রংয়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। চোখের পলকে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
কিশোরগঞ্জ অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মেসার্স মনিন্দ্র দত্ত, রং বিতান, কালার ব্যাঙ্ক-এই তিনটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। আশপাশে আরো কয়েকটি হার্ডওয়্যার ও কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কিশোরগঞ্জ বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ কে এম মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্কেটের সরু রাস্তা ও সিঁড়ি না থাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। এর পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৩ ঘ.
bdnews24