২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসমতের ত্যাগে রমিজা পেলেন ঘর

নিজের সর্বস্ব দিয়ে শেখ হাসিনার জন্য একটি জমি কিনেছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের ভ্যানচালক বঙ্গবন্ধুভক্ত হাসমত আলী। সে জমিতে ঘর তুলে প্রয়াত হাসমতের স্ত্রী রমিজাকে বাড়িসহ জমি দিলেন বঙ্গবন্ধুকন্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ময়মনসিংহ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের সর্বস্ব দিয়ে শেখ হাসিনার জন্য একটি জমি কিনেছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের ভ্যানচালক বঙ্গবন্ধুভক্ত হাসমত আলী। সে জমিতে ঘর তুলে প্রয়াত হাসমতের স্ত্রী রমিজাকে বাড়িসহ জমি দিলেন বঙ্গবন্ধুকন্যা। গফরগাঁওয়ের হাসমতের কথা অনেকেরই অজানা ছিলো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে বৃহস্পতিবার এলাকার সবার মুখেমুখেই তার কথা। রমিজার নতুন বাড়ি ছাড়াও এদিন সালটিয়ায় ব্রহ্মপুত্র নদের ওপর ৮১০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং উপজেলা সদরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বাড়ি উদ্বোধন করতে গেলে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন রমিজা। প্রধানমন্ত্রীও স্বামীহারা এ নারীকে সান্ত্বনা দেন। গফরগাঁওয়ের খারুয়া বরাইল গ্রামের হাসমত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর গরিব ও সহায় সম্বলহীন হাসমত আলী স্ত্রী রমিজা ও ছেলে আব্দুল কাদেরকে নিয়ে চলে যান ঢাকায়। কখনো ভ্যান চালিয়ে, কখনো দিনমজুরি করে সংসার চালিয়েছেন হাসমত। বঙ্গবন্ধুকন্যার প্রতি গভীর মমত্ববোধ থেকে প্রতিদিনের রোজগারের কিছু অর্থ সঞ্চয় করে গফরগাঁওয়ের খারুয়া বরাইল গ্রামে ২১ হাজার টাকায় পৌনে ৭ শতাংশ জমি কিনে ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি শেখ হাসিনার নামে তা রেজিস্ট্রি (নং ১২৫৪) করেন তিনি। মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে মৃত্যুর আগে জমিদানের বিষয়টি স্ত্রী রমিজাকে জানিয়ে যান হাসমত। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হলে সারাদেশের মানুষ জানতে পারে দলীয় নেত্রীর প্রতি দরিদ্র পরিবারটির ভালবাসা আর ত্যাগের কথা। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একতলা পাকা বাড়ি নির্মাণসহ বসবাসের জন্য খাট থেকে শুরু করে দেয়াশলাই পর্যন্ত কিনে দেওয়া হয়েছে রমিজাকে। রমিজার বাড়ি উদ্বোধনের পর সেই বাড়ি দেখতে এলাকার হাজার হাজার মানুষের ঢল নামে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় নেতা ও ব্যবসায়ী মো. মাজহারুল এহসান মুরাদ বলেন, "শেখ হাসিনা প্রতিদানের যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তা আমাদের দেশে বিরল। হাসমত আলীর জন্য আমাদের গফরগাঁওবাসী গর্বিত।" 'দেশে শান্তি ফিরিয়ে আনাই লক্ষ্য' রমিজার বাড়ি উদ্বোধনের পর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গফরগাঁও সরকারি কলেজ মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে সুংগঠিত হয়ে জনগণের জন্য কাজ করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই কাজ করতে হবে। স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমান প্রমুখ। শেখ হাসিনা গফরগাঁওয়ের প্রয়াত আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন গোলন্দাজকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের নিবেদিত নেতা। তার নেতৃত্বেই এখানে আওয়ামী লীগের দুর্গ গড়ে উঠেছিলো। বঙ্গবন্ধুর প্রতি হাসমত আলীর ভালোবাসার কথা তুলে ধরে তিনি বলেন, "বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা এতোই গভীর যার উজ্জ্বল দৃষ্টান্ত হাসমত আলী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এএল/এমআই/২১০৯ ঘ.