সিলেট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে জোড়া খুনের মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি আট আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নাজির আহমদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাছাইরপার গ্রামের আকবর আলী, তার ছেলে এরশাদ আলী, আব্দুল মতিন, আব্দুর রহিম, সমসাদ, বিরাই, আব্দুল মন্নান, তার ছেলে জাফর আলী, হবিবুল, সাদই, দুদু মিয়া, আব্দুল মালিক, খোয়াজ আলী, ইলিয়াস মিয়া, আজিজুল, কালাম ও আয়াশ উল্লা।
এর মধ্যে দুদু মিয়া পলাতক এবং আজিজুল মারা গেছেন। বাকিরা সিলেট কারাগারে আটক রয়েছেন।
২০০১ সালের ২২ মে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাছাইরপার গ্রামের আবুল হোসেন ও সমসাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সমসাদের লোকজনের হাতে আবুল হোসেন ও ফখর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আবুল হোসেনের ভাতিজা মকবুল আলী পরদিন কোতোয়ালি থানায় ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24