চাঁদপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর মডেল থানা এলাকায় পুলিশ ও স্কুলশিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ ও এক ছাত্র আহত হয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে আটক একজন স্কুলশিক্ষককে ছাড়িয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানায় গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ ঘটে।
সংঘর্ষকালে মো. মহিউদ্দিন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হন। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে মো. সাদ্দাম হোসেন নামের দশম শ্রেণীর এক ছাত্র।
পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের একজন এসএসসি পরীক্ষার্থীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার ওই বিদ্যালয়ের শিক্ষক মফিজুল হককে (৪০) আটক করে।
পুলিশ জানায়, এ ঘটনায় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা এলাকায় এসে শিক্ষককে মুক্তি দেওয়ার দাবি জানায়।
পুলিশ এসময় শিক্ষার্থীদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু শিক্ষার্থীরা এতে অপারগতা প্রকাশ করে শিক্ষককে সাথে করে নিয়ে যাবে বলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিষয়টি নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। এ সময় এক শিক্ষার্থী টিউবলাইট নিয়ে দৌঁড়ে এসে এসআই মহিউদ্দিনের মাথায় আঘাত করে। এতে তিনি আহত হন। তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশের লাঠিপেটায় আহত হয় শিক্ষার্থী সাদ্দাম হোসেন। তাকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
অভিযোগকারী ছাত্রীটি সাংবাদিকদের জানান, ৬ মাস আগে তার পিতা মারা যান। দরিদ্র হওয়ার কারণে তিনি প্রাইভেট পড়তে পারতেন না। তার দারিদ্রের সুযোগ নিয়ে শিক্ষক মফিজুল হক তাকে বিনা পয়সায় প্রাইভেট পড়ানোর প্রস্তাব দেন। এক পর্যায়ে ছাত্রীটি প্রাইভেট পড়তে শুরু করে।
মেয়েটি জানান, এক সময় মফিজুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি বিষয়টি তার মাকে জানায়। পরে তা বিদ্যালয়ের অন্য শিক্ষকদেরও জানানো হয়। মফিজুল এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করেন বলে তিনি অভিযোগ করেন।
শেষ পর্যন্ত ওই ছাত্রী ও তার মা মঙ্গলবার মফিজুল হকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেন।
জেলা প্রশাসক বিষয়টিতে নজর দেওয়ার জন্য চাঁদপুর সদর মডেল থানাকে বলেন।
এসআই মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যায় মফিজুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ছাত্রীটির মা।
এসআই মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষকের মুক্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা থানা প্রাঙ্গণে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মফিজুল হক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।"
মফিজুল হককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
এদিকে শিক্ষক মফিজুল হক সাংবাদিকদের বলেন, "তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়।"
এসআই মহিউদ্দিন জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মোট দেড়শ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৬ ঘ.
bdnews24