ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ওমরাহ পালন করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে তিনি মক্কায় ওমরাহ পালন করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান।
তিনি বলেন, "ওমরাহ পালনকালে খালেদা জিয়া বাংলাদেশের জনগণসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। এছাড়া তিনি মসজিদুল হারামে নামাজ আদায় করেন।"
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দরের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদীন ফারুক, সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন আহমেদসহ সফরসঙ্গীরা।
খালেদা জিয়া মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারকও জিয়ারত করেন।
প্রেসসচিব জানান, আগামী ৩ এপ্রিল খালেদা জিয়া ঢাকায় ফিরবেন।
পায়ের চিকিৎসার জন্য বিরোধীদলীয় নেতা গত ২০ মার্চ সৌদি আরব যান। রিয়াদে বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তার চিকিৎসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.
bdnews24