ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দুর্বল করবে- এমন কোনো আইন সরকার করবে না বলে আশা করছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
আইন সংস্কারে সরকারের প্রক্রিয়া চলমান অবস্থায় বৃহস্পতিবার এক সেমিনারে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সংশোধিত আইন সংসদে কিছু দিনের মধ্যে পাস হতে পারে। দুর্নীতি দমন কমিশনকে দুর্বল করবে- এমন কোনো আইন পাস হবে না বলে আশা করছি।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কমিশনের সম্মেলন কক্ষে 'দুর্নীতি দমনে পারস্পরিক সহযোগিতা' শীর্ষক এই সেমিনারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দুর্নীতি প্রতিরোধে তাদের মতামত জানান।
বিচারক, বিচার কাজে নিয়োজিত ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব রেখে গত ২৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন-২০১১ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
এছাড়াও দুদকে কেউ মিথ্যা অভিযোগ দিলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে ওই বিলে।
এ বিষয়ে সেমিনারে দুদক চেয়ারম্যান বলেন, "আমার বিশ্বাস বর্তমান গণতান্ত্রিক সরকার দুদকের স্বাধীন উদ্দেশ্য ও চেতনাবিরোধী কোনো আইন পাশ করবে না। দুদককে শক্তিশালী করতেই সরকার আইন করবে বলে আমার আশা।"
সবাই মিলে কাজ না করলে দেশ থেকে দুর্নীতি দমন বা প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, "এই ক্ষেত্রে বিচার বিভাগকে এগিয়ে আসতে হবে। আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে দুর্নীতির বিচার হচ্ছে না। পদ্ধতিগত ত্র"টি না দেখে মেরিট দেখে দুদকের মামলার গুরুত্ব দেওয়া উচিত।"
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ সেমিনারে বলেন, "বিচারপতিদের স্যালুট দেয়নি, গাড়ি দাঁড় করিয়েছে- এই অভিযোগে আইজিপির চাকরি যায়। কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আদালত স্বপ্রণোদিত হয়ে ডাকেন না।"
"দুর্নীতি নিয়ে কাজ করায় জনস্বার্থের নামে টিআইবিকে আদালতে ডাকা হয়, কিন্তু যারা দুর্নীতি করেন- তাদের বিরুদ্ধে জনস্বার্থে হলেও আদালতের কোনো পদক্ষেপ আমরা দেখি না," যোগ করেন তিনি।
অধ্যাপক মোজাফফর দুর্নীতি নিয়ে পর্যাপ্ত গবেষণার ওপরও গুরুত্ব আরোপ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, "দুদক নিয়ে যখন আমরা আলোচনায় বসেছি, তখনই আমরা লক্ষ্য করছি যে দুদককে ক্ষমতাহীন করতে সরকার আইন করছে। আইন সংশোধন করে দুদককে ২০ বছর আগের অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই চেষ্টাকে আমি ধিক্কার জানাই।"
দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমার চৌধুরী বলেন, "দুদক আজ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছে। তাকে আগে বাঁচাতে হবে। এখন দুদককে অকার্যকর করার চেষ্টা চলছে। দুদক স্বাধীন ও শক্তিশালী না হলে দুর্নীতিমুক্ত দেশ কখনোই হবে না।"
দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও মো. বদিউজ্জামান, সাবেক দুই কমিশনার হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর মান্নানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।
২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের অংশ হিসেবে দুদক এই সেমিনারের আয়োজন করে।
এই কর্মসূচির শেষ দিনে শুক্রবার সারাদেশে প্রায় আড়াই লাখ মসজিদে জুমার নামাজের খুতবার আগে দুর্নীতি বিরোধী বয়ান করা হবে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় একটি পুস্তিকাও প্রকাশ করেছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জেকে/১৭৩৩ ঘ.
bdnews24