ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে দ্রুত চিনি, সয়াবিন তেল, পামঅয়েল, মুসুর ডাল ও ছোলা আমদানির সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার এ বিষয়ে বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম এ তথ্য জানান।
তিনি জানান, বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান সামনে রেখে ইতোমধ্যে দুই লাখ টন চিনি, এক লাখ টন সয়াবিন তেল, ১ লাখ টন পামঅয়েল, ১০ হাজার টন মুসুর ডাল ও ২ হাজার টন ছোলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আমদানি প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি বৈঠকে বাজার মনিটরিং জোরদার করারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কমিটির সভাপতি জানান, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণাকারীদের জন্য শাস্তির বিধান রেখে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।
তিনি বলেন, "আইনটি সংসদে উত্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে কমিটি।"
সরকার ইউনিয়ন পর্যায়ে ওএমএস ও ন্যায্য মূল্যের দোকান চালু করার পর বাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন কমিটির সভাপতি।
ওএমএস ও ন্যায্য মূল্যের দোকান নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, "সরকার ভর্তুকি দিয়ে জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়ায় এটা সম্ভব হয়েছে। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।"
তিনি জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) শক্তিশালী করতে বৈঠকে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়। টিপু মুন্সীকে আহ্বায়ক করে গঠিত এই উপ-কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শেখ আফিল উদ্দিন ও রুমানা মাহমুদ।
উপ-কমিটির আহ্বায়ক টিপু মুন্সী সাংবাদিকদের জানান, টিসিবিকে সক্রিয় করার জন্য সুপারিশ প্রণয়নের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে এসব সুপারিশ কমিটিতে তুলে ধরা হবে। পরে তা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২৩১৩ ঘ.
bdnews24