ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভার পর প্রতিমন্ত্রী বলেন, "রাত ৮টার পর মার্কেট ও দোকান-পাট বন্ধ রাখার কথা থাকলেও তা হচ্ছে না। সরকারের বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি কার্যকর ও মনিটর করার জন্য সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।"
আগামী সপ্তাহ থেকে এইসএসসি পরীক্ষা শুরুর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "আমরা ওই সময়টাতে বাসা-বাড়িতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ দিতে চাই।"
সভার সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, "আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো। রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে।"
বৃহস্পতিবার থেকেই এর প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৬ হাজার মেগাওয়াট। আর ঘাটতির পরিমাণ এক হাজার ৮০০ মেগাওয়াট।
প্রতিমন্ত্রী জানান, সেচ পাম্পগুলো রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত টানা বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া দেশের উত্তরাঞ্চলের কৃষকদের সেচের জন্য ডিজেলপ্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২৫৪ ঘ.
bdnews24