২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে ২১ হাজার কোটি টাকার কর ফাঁকি

২০০৯-১০ অর্থবছরে দেশে ২১ হাজার কোটি টাকার কর ফাঁকি ও আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরে দেশে ২১ হাজার কোটি টাকার কর ফাঁকি ও আত্মসাতের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে। বুধবার সিরডাপ মিলনায়তনে 'জাতীয় রাজস্ব বোর্ড: স্বচ্ছতা ও জবাবদিহিতায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এ প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান এক সদস্য এবং সাবেক এক চেয়ারম্যান। টিআইবি বলেছে, খানা জরিপ, বিভিন্ন 'প্রত্যক্ষ ও পরোক্ষ' উৎস থেকে পাওয়া তথ্য এবং সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ব্যক্তি ও পেশাজীবি পর্যায়ে নানা উপায়ে কর ফাঁকি ও আত্মসাতের ঘটনা ঘটে। প্রকৃত আয় ও বেতন গোপন করা, আত্মীয়-স্বজনের নামে প্লট, ফ্ল্যাট, ডিপিএস ও অন্যান্য বন্ড কেনা, করযোগ্য আয় গোপন করে ধার দেখিয়ে সম্পদ কেনা এবং বেতনের অংশ বিশেষ করমুক্ত আয় হিসেবে দেখিয়ে কর ফাঁকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। করের আওতামুক্ত খাতে টাকা ব্যয় দেখিয়ে অন্য দেশে অর্থ পাচার, বিদেশে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গ্রাহক সংখ্যা ও ফি কম দেখানোর মাধ্যমেও তর ফাঁকি দেওয়া হয় বলে দাবি করেছে টিআইবি। কর্পোরেট খাতে কর ফাঁকি প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, করের আওতাভুতক্ত আয় বা মুনাফাকে করের আওতামুক্ত খাতে দেখানো, পৃথক লেজার সংরক্ষণ, কর রেয়াত পেতে ভুয়া ভাউচার ও পেমেন্ট রেকর্ড ব্যবহার এবং প্রকৃত ডিভিডেন্ডের চেয়ে বেশি ঘোষণা করে সরকারকে কম কর দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া মূল্য সংযোজন কর ও আয়কর ফাঁকি দেওয়ার জন্য উৎপাদিত ও বিক্রি হওয়া পণ্যের পরিমাণ কমিয়ে দেখানো এবং লাভ কম-বেশি দেখিয়ে তিন ধরনের অডিট প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ অডিট ফার্ম শুধু নিজের আয়ই গোপন করে না, অন্যের আয় গোপন করতেও সহায়তা করে। এনবিআরের তথ্যের বরাত দিয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বরের (টিআইএন) যেসব সনদ ব্যবহার করা হয় তার ৩৫ শতাংশই জাল। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আরেক জরিপের বরাত দিয়ে টিআইবি বলেছে, টিআইএন নিবন্ধন, কর অ্যাসেসমেন্টে ও সার্টিফিকেটের জন্য ২০০৮ সালে জনপ্রতি গড়ে দুই হাজার টাকা ঘুষ দিতে হতো। আর ২০১০ সালে দিতে হয়েছে তিন হাজার ৪৭৭ টাকা। করদাতাদের বিভিন্ন ধরনের হয়রানির কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, কর অফিসের কর্মকর্তারা আইনজীবী ছাড়া করদাতাদের সমস্যা সমাধানে আগ্রহী নন। শুল্ক রেয়াত ক্লিয়ারেন্সের জন্য ৭৬ শতাংশ ব্যক্তিকে ঘুষ দিতে হয় উল্লেখ করে প্রতিদেনে বলা হয়েছে, ক্লিয়ারিং এজেন্টরা অনেক সময় ঘুষের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। বিভিন্নভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় সৎ কর প্রদানকারীরা কর দিতে উৎসাহী হন না বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতি রোধ করে কর আদায় বাড়াতে এবং এনবিআরের কার্যক্রমে গতিশীলতা আনতে ৫০টি সুপারিশ করেছে টিআইবি। এসব সুপারিশের মধ্যে এনবিআরকে পূর্ণ স্বায়ত্বশাসন দেওয়া, এ সংস্থার কর্মকর্তাদের সম্পদের হিসাব নিয়মিত প্রকাশ করা, কলো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা, এনবিআর চেয়ারম্যানকে কমপক্ষে তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়ার বিষয়টি অন্যতম। গোলটেবিল বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির ফেলো (রিসার্চ এন্ড পলিসি) এম. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আকবর আলি খান বলেন, "প্রতিবেদনের ৩০ থেকে ৪০ ভাগ বিষয়ের সঙ্গে আমি একমত নই। প্রতিবেদনটিতে পরিমাণগত বিশ্লেষণ (কোয়ানটেটিভ অ্যানালাইসিস) নেই।" তিনি বলেন, "সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনায় যাবো না। তবে বলবো, এতোগুলো সুপারিশ না করে ৫ থেকে ৭টি সুপারিশ করলে ভালো হতো।" এনবিআর সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন বলেন, "প্রতিবেদনে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। আমাদের সঙ্গে কথা না বলেই একপেশে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।" টিআইবির সুপারিশগুলো বাস্তবায়ন করলেই সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, "প্রতিবেদন তৈরিতে পদ্ধতিগত দুর্বলতা থাকলেও সমস্যাগুলো বাস্তব। এনবিআর কর্মকর্তারা এ প্রতিবেদন থেকে আত্মবিশ্লেষণের মাধ্যমে সঠিক পরামর্শগুলো গ্রহণ করে সংস্কারের পথে এগুতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০২১ ঘ.