২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ

রাজধানীর তল্লাবাগে যৌতুকের দাবিতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তল্লাবাগে যৌতুকের দাবিতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম হাসিনা ইয়াসমীন হাসি (৩২)। তার চাচা আব্দুল খালেকের অভিযোগ, হাসির স্বামী শফিকুল ইসলাম স্বপন ২২ মার্চ রাতে মারধরের পর জোর করে বিষ খাইয়ে দেয় হাসিকে। ৭ দিন চিকিৎসা চলার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। হাসি চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেকের স্ত্রীর কাছে ঘটনার রাতের বিবরণ দেন। সেই বিবরণের ভিত্তিতে আব্দুল খালেক মঙ্গলবার সকালে শেরে বাংলানগর থানায় একটি মামলা করেন। মামলার বরাত দিয়ে শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক নিজামুল হক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ছিলেন। প্রায় এক বছর আগে স্বপনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের ৭/৮ মাস পর ব্যবসার নামে টাকার জন্য হাসিকে চাপ দিতে শুরু করে স্বপন। এজাহারে বলা হয়, হাসি তার জমানো প্রায় পৌণে চার লাখ টাকা স্বামীর হাতে তুলে দেন। এরপরেও বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা আনার জন্য চাপ দেয় স্বপন। হাসি টাকা দিতে অস্বীকার করায় ২২ মার্চ মাঝরাতে তল্লাবাগের বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন তাকে মারধরের পর জোর করে বিষ খাইয়ে দেয়। স্বপন বিষয়টি আত্মহত্যার চেষ্টা বলে চালানোর চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করেছেন খালেক। ওই রাতেই মুক্তা নামের এক প্রতিবেশী হাসিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুদিন পর হাসিকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই হাসির মৃত্যু ঘটে। উপ পরিদর্শক নিজামুল হক জানান, মামলায় স্বপনকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩২৬ ঘ.