ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে এখনো সম্মানজনক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার রাতে গণভবণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক আশরাফ বলেন, "তার (ড. ইউনূস) সমস্যার সম্মানজনক সমাধান এখনো সম্ভব। কিন্তু তাকেই এগিয়ে আসতে হবে।"
অনুমোদন না নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে।
ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়।
ওই রায়ের বিরুদ্ধে গত ৯ মার্চ আপিলের আবেদন করেন ইউনূস।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, মোহাম্মদ ইউনূসের আদালতের শরনাপন্ন হওয়া দুঃখজনক।
ইউনূসকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপি এর সমালোচনায় মুখর হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ঢাকা সফরে এসে ইউনূস ইস্যুতে 'সম্মানজনক' সমাধানে পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তার সফরের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে সমঝোতায় সরকার প্রস্তুত রয়েছে। তবে সমঝোতার জন্য ইউনূসকেই এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে মঙ্গলবার সৈয়দ আশরাফ বলেন, "ইউনূসের বিষয় নিয়ে আমেরিকা আর বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক বহুমাত্রিক। শুধু ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে এই সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২১৫ ঘ.
bdnews24