মুন্সীগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি টেম্পো উল্টে এক কলেজ ছাত্র নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে টঙ্গীবাড়ি-মুক্তারপুর সড়কের হাসকিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সবুজ (২২) লৌহজং উপজেলার কলমা গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গীবাড়ি থেকে মুক্তারপুরগামী টেম্পোটি সকাল ১০টার দিকে হাসকিরা সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৬৫০ ঘ.
bdnews24