নওগাঁ/মৌলভীবাজার, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলাবাজারে (ওএমএস) স্বল্পমূল্যে বিক্রির জন্য বরাদ্দ করা চাল পাচারের সময় মৌলভীবাজার ও নওগাঁয় ১ হাজার ৩০০ বস্তা চাল আটক হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামে সোমবার রাতে ১ হাজার ২৭০ বস্তা ওএমএস এর চালসহ দুজনকে আটক করে র্যাব।
তারা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রামের মো. আনোয়ার (৬০) ও এনায়েতলী গ্রামের কালু মিয়া (২৭)।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ফাঁড়ির অধিনায়ক কাওসার মাহমুদ সাংবাদিকদের বলেন, রাত ৯টার দিকে র্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের মেইন রোডের পাশে মেসার্স শাহ পরান রাইস মিলের গোডাউনে অভিযান চালিয়ে ওএমএসের ১ হাজার ২৭০ বস্তায় ৬৩ হাজার ৫০০ কেজি চালসহ দুজনকে আটক করে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী বাজারে পাচারের সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৬৯ বস্তা চাল আটক করে স্থানীয়রা।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা খাদ্য বিভাগের এক সভায় সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়।
উপজেলার রাইগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু সাংবাদিকদের জানান, অভিযুক্ত আব্দুল মোনায়েম রঞ্জুর দোকান থেকে পাঁচটি রিকশা ভ্যানে করে পাচারের সময় স্থানীয়রা চাল আটক করে।
তবে রঞ্জু দাবি করছেন, চালগুলো খাওয়ার অনুপযোগী হওয়ায় ক্রেতা না পেয়ে তা বদলে নেওয়ার জন্য খাদ্য গুদামে নিয়ে যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৪ ঘ.
bdnews24