ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী খননের পর মাটি ব্যবস্থাপনায় সাত দিনের মধ্যে কারিগরি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার।
মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয়ে 'নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন ও নাব্যতা বৃদ্ধি' বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের পর উত্তেলিত মাটি কোথায় ফেলা যায় সে ব্যাপারে এ কমিটি সুপারিশ করবে। যে অনুযায়ী উত্তেলিত মাটি ফেলা হবে। সুপারিশের জন্য কমিটিকে সময় দেওয়া হবে দুই মাস।
দেশে ৩১০টি নদী এবং ৭০০ শাখা নদী রয়েছে- জানিয়ে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, দেশের নদী গুলোর নব্যতা কমে যাচ্ছে। নাব্যতা ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
"যেসব নদী নৌ-চলাচলের জন্য অনুপযোগী হয়ে উঠছে বিশেষ করে যমুনা, গড়াই ও তিস্তা নদীর ড্রেজিং দ্রুত শেষ করা হবে।"
এ ব্যাপারে সরকারের ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই- এমন মন্তব্য করে রমেশ বলেন, তবুও যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে চেষ্টা করা হচ্ছে।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, যে সব জায়গায় নদীর পাড়ে মাটি ফেলার সুযোগ আছে সেসব স্থানে ড্রেজিং চলছে। বর্তমান সরকারের আমলেই সবগুলো নদীর নাব্যতা ফিরিয়ে আসার চেষ্টা করা হবে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৫০৯ ঘ.
bdnews24