গাজীপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে একটি মুরগির খামারে গর্ত খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে দুই শ্রমিক মারা গেছে।
সুফিয়া পোল্ট্রি খামারে তারা মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার বাসিন্দা তাহের আলী (৪৮) এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের খিলগাঁওয়ের বাসিন্দা আবুল মুনসুর (৪০)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন জন শ্রমিক খামারের বিষ্ঠা ফেলার পুরনো গর্ত আরো গভীর করতে সকাল ১০টার দিকে কাজে নামেন। গর্ত খোঁড়ার শেষ পর্যায়ে মাটি ধসে দুজন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
তবে এর মধ্যে মুনসুরের লাশ দুপুরে তোলা হলেও তাহেরের লাশ বিকাল পর্যন্ত তোলা যায়নি।
ভালুকা অগ্নি-নির্বাপক বাহিনী স্টেশন কর্মকর্তা মো. সাজেদুল কবির জানান, উদ্ধার সরঞ্জামের অভাবে তাহেরের লাশ উদ্ধার করা সম্ভবপর হয়নি।
ওই পোল্ট্রি খামারের শ্রমিক ছাড়া মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
খামারের ব্যবস্থাপক আব্দুল মমিন সাংবাদিকদের বলেন, "গর্ত করার কাজটি আমরা একজন ঠিকাদারকে দিয়েছিলাম। তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।"
অগ্নি নির্বাপন বাহিনীর কর্মকর্তা সাজেদুল বলেন, তরল বর্জ্যভর্তি বৃহৎ গর্তের পাশে মাত্র দেড় ফুটের কাঁচা মাটির দেয়ালের পাশে আরেকটি গর্ত করা একেবারেই ভুল সিদ্ধান্ত। মাটির পাড় কমপক্ষে চার ফুট থাকার দরকার ছিলো।
মাটি লাল এবং ভেজা থাকায় ধসের আশঙ্কা আগে থেকেই ছিলো জানিয়ে তিনি বলেন, তরল বর্জ্যরে এরকম গর্তগুলো পাকা করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.
bdnews24