ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া ছেড়ে যাওয়ার সময় গ্রিসে সাগরে ডুবে মারা যাওয়া ১০ বাংলাদেশির লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকায় পৌঁছার পর লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে রাখা ছিলো। মঙ্গলবার সকালে লাশগুলো স্বজনদের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যুগ্ম সচিব মাফরুহা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রিস থেকে সর্বশেষ ১০টি কফিন পাঠানো হলেও তারা মৃত ১১ জনের নামের তালিকা পেয়েছেন।
মৃত হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন- নরসিংদীর বালিয়ার আক্তারুজ্জামানের ছেলে জাহিদ হাসান (২০), শরীয়তপুরের বদরগঞ্জের মৃত ফনু শেখের ছেলে আরিফ হোসেন (২২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মৃত জীবন সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর (২৫), নরসিংদীর পলাশ উপজেলার মফিজউদ্দিনের ছেলে রুহুল আমীন (২৬)।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলিমুদ্দিনের ছেলে ফরিদ হোসেন (২৫), কিশোরগঞ্জের বাজিতপুরের শ্যামপদ পালের ছেলে ভীম কুমার পাল (২৫), ঢাকার সাভারের মৃত আব্দুল আজীজের ছেলে মো. শফিউল আজম (৪০), ফরিদপুরের ভাঙ্গার ইউনুস মাতবরের ছেলে সম্রাট (২২)।
নোয়াখালী চাটখিলের হেদায়েতুল্লাহর ছেলে রুবেল (২২) এবং লক্ষ্মীপুরের রায়পুরের মৃত আব্দুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৭)।
এছাড়া মাদারীপুরের রাজৈরের হাবিবুর রহমান মুন্সীর ছেলে মাহবুবুর রহমানের নাম মৃতদর তালিকায় থাকলেও তিনি মারা যাননি বলে তার স্বজনরা দাবি করেছেন, যদিও তার নামে একটি কফিন এসেছে।
অন্যদিকে লক্ষ্মীপুরের বিল্লালের নামের কোনো কফিন না এলেও মাহবুবের নামের কফিনে তার লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাহবুবুরের স্বজনরা কর্মকর্তাদের জানিয়েছে, মাহবুবুর বেঁচে আছেন বলে তারা জেনেছেন। তার সঙ্গে গত ২২ মার্চও স্বজনদের কথা হয়েছে।
অন্যদিকে বিল্লালের স্ত্রী তাহমিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৫ মার্চ স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। তখন বিল্লাল গ্রিসের একটি জাহাজে ছিলো। এরপর আর যোগাযোগ হয়নি।
যুগ্ম সচিব মাফরুহা জানান, লাশ বাড়ি নেওয়া এবং দাফনের খরচ হিসেবে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হবে।
লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন প্রবল হয়ে ওঠার প্রেক্ষাপটে সংঘাত-সহিংসতা শুরু হলে সেখানে থাকা বাংলাদেশিরা পালাতে শুরু করে।
এর মধ্যে গত ৫ মার্চ এক দল বাংলাদেশি জাহাজে করে পালানোর সময় গ্রিস উপকূলে উঠতে জাহাজ থেকে লাফিয়ে পড়েন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু নিশ্চিত করে গ্রিস কর্তৃপক্ষ।
এ পর্যন্ত ১৩টি লাশ এসেছে বলে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর যুগ্ম সচিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/১৩১৫ ঘ.
bdnews24