খাগড়াছড়ি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম গাছবান এলাকায় সোমবার রাতে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
নিহত শংকর চাকমার (৫১) বাড়ি একই এলাকায়।
গাছবান গ্রামের কার্বারি বিমল কুমার জানান, সোমবার রাতে গ্রামের মিছু চাকমার বাড়িতে ছিলেন শংকর চাকমা। সে সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বজ্রপাতে এ সময় আহত হয় অপর ছয়জন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামের প্রথা অনুযায়ী শংকর চাকমাকে তার পরিবার স্পর্শ না করে সারারাত মাটিতে ফেলে রাখলে মঙ্গলবার ভোরে তিনি মারা যান।"
তবে গ্রামের অন্য বাসিন্দাদের উদ্যোগে আহত কালা চাকমা (৫২) ও পুষ্পেস্বর চাকমাকে (৪৫) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হরতালি চাকমা (৫৫), মিশুক চাকমা (২০) যুবনিকা চাকমা (২০), বসু চাকমাকে (৩২) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা জানান, আহতদের সুস্থ হতে সপ্তাখানেক সময় লাগতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩০৯ ঘ.
bdnews24