২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের আবেদনের শুনানি মুলতবি

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি আগামী ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করে এ সময়ের মধ্যে তাকে আপিলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি আগামী ৪ এপ্রিল পর্যন্ত মুলতবি করে এ সময়ের মধ্যে তাকে আপিলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় স্থগিতে ইউনূসের আবেদনের শুনানির পর প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আদেশের বিরুদ্ধে ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় ইতোমধ্যে প্রকাশ হয়েছে। রায়ের অনুলিপি নিয়ে ইউনূস হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করতে পারবেন। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ এবং সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ইউনূসকে অব্যাহতি দেয়। পাশাপাশি ইউনূসের বয়স নিয়েও আপত্তি তোলা হয় সরকারের মন্ত্রীদের বক্তব্যে। ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়। এরপর গত ৯ মার্চ ইউনূস রিট আবেদন খারিজের রায় স্থগিতে আপিল বিভাগে আবেদন করেন। ইউনূসকে অব্যাহতি দেওয়ার সরকারি এ সিদ্ধান্তে দেশে-বিদেশে আলোচনা ওঠে। প্রধান বিরোধী দল বিএনপি এর সমালোচনায় মুখর হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ঢাকা সফরের সময়ে গ্রামীণ ব্যাংকের এ বিষয়টি 'সম্মানজনকভাবে' সুরাহা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে তা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার সফরের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে সমঝোতায় সরকার প্রস্তুত রয়েছে। তবে সমঝোতার জন্য ইউনূসকেই এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। তিন দশক আগে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে ইউনূস এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠাকালে এ ব্যাংকে সরকারের মালিকানা ৬০ শতাংশ থাকলেও এখন তা ২০ শতাংশে নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.