২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালনে রিয়াদ থেকে মদিনা যাচ্ছেন খালেদা

চিকিৎসা শেষে ওমরাহ পালনের জন্য মদিনা যাচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা শেষে ওমরাহ পালনের জন্য মদিনা যাচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার সকালে খালেদা রিয়াদ থেকে মদিনার উদ্দেশে রওনা হবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মঙ্গলবার মদিনা যাবেন। সেখানে তিনি হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর তিনি ওমরাহ পালন করতে মক্কায় যাবেন।'' মদিনা রওনা হওয়ার আগে সোমবার স্থানীয় সময় রাত ১১টায় রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন অংশ নেবেন বলে জানান প্রেস সচিব। গত ২০ মার্চ পায়ের চিকিৎসার জন্য খালেদা জিয়া সৌদি আরব যান। সেখানে রিয়াদের বাদশা ফয়সাল বিন আবদুল আজিজ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও পায়ের চিকিৎসা হয়। চিকিৎসার পাশাপাশি খালেদা জিয়া বাদশা ফয়সাল ইন্সটিটিউটের চেয়ারম্যান যুবরাজ তুর্কি আল ফয়সালের সঙ্গে বৈঠক করেন। রিয়াদে প্রিন্সেস নুরা বিনতে আবদুর রহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা। এছাড়া তিনি সৌদি আরবের প্রাচীন রাজধানী আল-দারিইয়া পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০১৯ ঘ.