খুলনা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় হত্যা মামলায় একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বটিয়াঘাটা উপজেলার সাগর ওরফে ইব্রাহিম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই এলাকার মনিরুল ইসলাম মনি। তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর নয়জনকে বেকসুর খালাস দিয়েছে। এরা হলেন একই এলাকার হলিম শেখ, গৌতম দাস, আজাদ শেখ, আজিজুর খাঁ, ইব্রাহিম আলী শেখ, মনিরুল ইসলাম, সালাম শেখ, জাকির শেখ ও রওশন।
সোমবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মঈনুল হক এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি মনি ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। মনি পলাতক রয়েছেন বলে জানান অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এম সাজ্জাদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের ৪ সেপ্টম্বর রাতে বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামের মাছ ব্যাবসায়ী মো. সালাম মীরকে বাড়ী ফেরার পথে আমিরপুর গ্রামের পালপাড়ায় আসামিরা গুলি করে ও বোমা মেরে হত্যা করে।
এ ঘটনায় পরদিন সালামের ভাই মোতাহার আলী মীর বাদী হয়ে বটিয়াঘাটা থানায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।
আদালত এ মামলায় ৩২জন সাক্ষীর মধ্যে ১৮জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২১১৪ ঘ.
bdnews24