ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্যানারির বর্জ্যমিশ্রিত ১৬ মেট্রিক টন পোল্ট্রি ফিড জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সিলগালা করা হয়েছে অবৈধ কারখানাটি।
সোমবার ঢাকার আদাবরের একটি আবাসিক ভবনের অবৈধ কারখানায় অভিযান চালিয়ে এ পোল্টি ফিড উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী ।
এ ঘটনায় কারখানার ম্যানেজার মাহমুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুনীর চৌধুরী জানান, জব্দ পোল্টি ফিড পুড়িয়ে ফেলা হবে।
রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের ১২ নং সড়কের ৫১৯ নম্বর আবাসিক ভবনের নিচতলায় অবৈধ পোল্ট্রি ফিড তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
কারখানা থেকে ট্যানারির বর্জ্যমিশ্রিত ১৬ মেট্রিক টন পোল্ট্রি ফিড এবং লেবেলবিহীন বিভিন্ন রংয়ের রাসায়নিক ও ফ্লেভার আটক করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আদাবর থানায় একটি মামলা হয়েছে।
গত ১০ ফেব্র"য়ারি হাজারীবাগ এলাকায় তিনটি কারখানায় অভিযান চালিয়ে দুশ মেট্রিক টন ট্যানারির দূষিত বর্জ্যমিশ্রিত পোল্ট্রি ফিড উদ্ধারের পর কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১০৬ ঘ.
bdnews24