বরিশাল, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বরিশাল মহানগর পুলিশের চার থানার ওসিদের রদবদল করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই রদবদল করা হয় বলে মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ জানান।
এর আগে শুক্রবার (২৫ মার্চ) বরিশাল জেলা পুলিশের আট থানার ওসিদের রদবদল করা হয়।
পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সোমবার রাতে বা মঙ্গলবার সকালে ওসিরা নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান তিনি।
কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেনকে বন্দর থানায় এবং কাউনিয়ার রফিকুল ইসলামকে বিমানবন্দর থানায় বদলি করা হয়েছে।
বন্দরের ফিরোজ আহমেদকে কোতয়ালি মডেল থানায় এবং বিমানবন্দরের শাখাওয়াত হোসেনকে কাউনিয়ায় বদলি করা হয়।
জেলার ৭৯টি ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (২৯ মার্চ), বৃহস্পতিবার (৩১ মার্চ) ও রোববার (৩ এপ্রিল) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24