২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'একটার পর একটা গাড়ি ভাঙলো, পুলিশ নেই'

রাজধানীর কাকরাইল থেকে মৌচাক হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত এলাকায় সোমবার দুপুরে প্রায় ৪৫ মিনিট ধরে গাড়ি ভাংচুর হলেও পুলিশের দেখা মেলেনি। জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

লিটন হায়দার ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মৌচাক-মালিবাগ থেকে রাজারবাগ পুলিশ লাইন বা কাকরাইল মোড় পর্যন্ত হাঁটা পথে ৮ থেকে ১০ মিনিটের দূরত্ব। সোমবার ওই এলাকায় প্রায় ৪৫ মিনিট ধরে শতাধিক গাড়ি ভাংচুর হলেও পুলিশের দেখা মেলেনি। সব সড়কে চলাচলের সুযোগ, পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে রিকশা মালিক ও শ্রমিকরা সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে বিজয়নগর-কাকরাইল হয়ে মলিবাগ-মৌচাক মোড় থেকে রামপুরা সড়কের রেলগেট পর্যন্ত এলাকায় প্রায় আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। ভাংচুরের শিকার একটি প্রাইভেট কারের চালক সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ মোড়ে যতো গাড়ি ছিল- বিক্ষোভকারীরা সব ক'টির কাচ ভেঙ্গে ফেলে। এ সময় দুজন ট্রাফিক পুলিশ দূরে দাঁড়িয়ে থাকলেও আর কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। সালাউদ্দিন বলেন, "একটার পর একটা গাড়ি ভাঙলো, অথচ কোনো পুলিশ নাই।" বিক্ষোভকারীরা স্কুল শিক্ষার্থীদের বহনকারী গাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেন মৌচাক মার্কেটের দোকান কর্মচারী জসিম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে লাঠি, রড, ইট নিয়ে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, ভ্যানসহ সব ধরনের গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে পরিবহন শ্রমিক, স্থানীয় হকার ও দোকান কর্মচারীরা জড়ো হতে শুরু করলে বিক্ষোভকারীরা সরে পড়ে। মৌচাক মোড়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট বুলবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বিক্ষোভকারীরা তাণ্ডব চালায়। তারা পুলিশ বক্স ও গাড়ি ভাংচুর শুরু করলে অয়্যারলেসে কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়। একই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কন্ট্রোলরুমে বারবার জানানোর পরেও ঘটনাস্থলে পুলিশ আসেনি। তারা সময়মতো আসলে পরিস্থিতি এতোটা খারাপ হতো না।" এক প্রশ্নের জবাবে সার্জেন্ট বুলবুল বলেন, এ ধরনের বিক্ষোভের সময় অয়্যারলেসে তথ্য দেওয়া ছাড়া ট্রাফিক পুলিশের কিছু করার থাকে না। কিছু করতে গেলেই বিক্ষোভকারীদের হামলার শিকার হতে হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ব্যাপক ভাংচুর চলার পর বেলা সাড়ে ১২টার দিকে রমনা থানার ওসি শিবলী নোমানকে দুইজন কনস্টেবলসহ মৌচাক মোড়ে দেখা যায়। দাঙ্গা পুলিশের প্রথম গাড়িটি ওই এলাকায় পৌঁছায় বেলা ১টার দিকে। সেখানে পাঁচ মিনিট থেকে অন্যদিকে চলে যায় গাড়িটি। যথাসময়ে পুলিশ না আসার কারণ জানতে চাইলে শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের সব প্রস্তুতি ছিল মুক্তাঙ্গনে রিকশাচলকদের সমাবেশকে কেন্দ্র করে। এ কারণে মৌচাক-মালিবাগ এলাকায় সময়মতো পৌঁছানো যায়নি।" তবে তিনি দাবি করেন, মৌচাক মোড়ের পুলিশবক্স ভাঙার সময় একজন রিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ-ভাংচুরের ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮০৪ ঘ.