পঞ্চগড়, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মজিন্দ্র চন্দ্র (২৪) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার বাবা সুনীল চন্দ্র ও সৎ মা দেবী রাণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট গ্রামের করতোয়া নদীর বালুচর থেকে মজিন্দ্রর লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।
নিহতের স্ত্রী চিরতা রাণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত থেকে মজিন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে স্থানীয়রা তার লাশ বালুচরে পড়ে থাকতে দেখে।
চিরতা রাণীর অভিযোগ, সৎ মায়ের প্ররোচণায় মজিন্দ্রকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এ নিয়ে বাবার সঙ্গে মজিন্দ্রর প্রায়ই ঝগড়া হতো।
তিনি বলেন, "সম্ভবত এ কারণেই সৎ শাশুড়ি ও শ্বশুর মিলে আমার স্বামীকে হত্যা করেছে।"
এ ঘটনায় রোববার রাতে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন চিরতা রাণী।
দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, "লাশের ময়নাতদন্ত হয়েছে। মজিন্দ্রর মাথার তিন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।"
মজিন্দ্রর বাবা সুনীল চন্দ্র ও সৎ মা দেবী রাণীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬২৯ ঘ.
bdnews24