পটুয়াখালী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়া খুনের অভিযোগে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পটুয়াখালীর একটি আদালত।
আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার দুমকি উপজেলার কাদের গাজী, খলিলুর রহমান, সবুজ শরীফ, কবির শরীফ, রিপন শরীফ, মনির শরীফ, হারুন মৃধা ও মো. রফিক।
খালাসপ্রাপ্ত দুজন হলেন একই এলাকার দুলাল শরীফ ও রিনা বেগম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ ফেব্র"য়ারি চাঁদপুরের আক্তারুজ্জামান বাবলু এবং হোসেন আহমেদ ট্রাক নিয়ে পটুয়াখালী থেকে বাড়ি ফেরার পথে লেবুখালী ফেরীঘাটে দুর্বৃত্তরা তাদের হত্যা করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
১৪ ফেব্র"য়ারি লোহালিয়া নদী থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিন নিহত আক্তারুজ্জামানের ভাই কামরুজ্জামান বাদি হয়ে দুমকি থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৬২২ ঘ.
bdnews24